
নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর উপজেলায় শ্রমিকবহনকারী ইঞ্জিনচালিত একটি নছিমন উল্টে লাকী বেগম (২৬) নামে একজন নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক। রোববার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের স্থানীয়ভাবে পরিচিত ‘ডাকাইত তলা’ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন জানান, দুপুরের দিকে নছিমনে করে ১৪-১৫ জন নির্মাণ শ্রমিক ফিরছিল। সঙ্গে ছিল কংক্রিট মিক্সার যন্ত্র। পথে একটি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন ১২ জন শ্রমিক। হতাহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।