
নিউজ ডেস্কঃ কঠোর লকডাউনেও পোশাক ও বস্ত্র কারখানা খোলা থাকবে বলে পোশাকশিল্প মালিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (১১ এপ্রিল) বিকেলে পোশাক ও বস্ত্রশিল্প মালিকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি৷
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ অংশ নেন। বৈঠক শেষে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ সভাপতি মোহাম্মদ হাতেম সংবাদমাধ্যমকে জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক
লকডাউন হলেও শিল্প কারখানা চলবে। মন্ত্রিপরিষদ সচিব আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন।