
নিউজ ডেস্কঃ ‘বাংলাদেশ কোনো খুনিদের দেশ নয়, এটা বঙ্গবন্ধুর সোনার দেশ। বঙ্গবন্ধুর এ সোনার দেশ এটা অবশ্যই আমরা রক্ষা করবো। বিচার বিভাগ এ বিষয়ে তার দায়িত্ব সম্পূর্ণ পালন করবে আপনাদের কথা দিতে পারি।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সুপ্রিম কোর্টের দু’জন বিচারপতির দু’টি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শনিবার (১০ এপ্রিল) ভার্চ্যুয়ালি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান রচিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ: একজন যুদ্ধ শিশুর গল্প ও অন্যান্য’ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম রচিত ‘বঙ্গবন্ধু: সংবিধান আইন আদালত ও অন্যান্য’ বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, লেখক আনিসুল হক ও প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক।