
নিউজ ডেস্কঃ কয়েকদিন ঝড়-বৃষ্টির পর আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে এক পূর্বাভাসে এ আভাস দিয়েছে সংস্থাটি।পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৯ এপ্রিল) কুমিল্লা, কুষ্টিয়া ও যশাের অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (১০ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বাড়বে। কয়েকদিন ধরে তাপমাত্রা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। ফলে গরম অনুভূত হচ্ছে বেশ। বৃহস্পতিবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।