
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটের সমাধান না হলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অন্য ডি-৮ রাষ্ট্র ও সরকার প্রধানরাও ভার্চ্যুয়াল মাধ্যমে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য, যুব উন্নয়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ডি-৮ সদস্য দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এসময় রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবশক্তিকে কাজে লাগানো, তথ্যপ্রযুক্তি সম্ভাবনার পূর্ণ ব্যবহার, প্রয়োজনীয় আইনি প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত কাঠামো তৈরি, কানেকটিভিটি বাড়ানো, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ডি-৮ এর চেয়ারম্যানশিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।