
নিউজ ডেস্কঃ দেশে কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বগতির এই সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ তার প্রায় এক হাজার সেবাদানকারীকে করোনা টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ‘পাঠাও’ এর ফ্রন্টলাইনার বা সম্মুখসারির এসব যোদ্ধাকে করোনা টিকা দেওয়ায় সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন, এটুআই প্রকল্পের ‘একশপ’। বুধবার (৭ এপ্রিল) রাজধানীর ‘পাঠাও’ অফিসে প্ল্যাটফর্মটির ফুড ও কুরিয়ার সার্ভিসে সেবাদানকারী করোনাযোদ্ধাদের টিকার জন্য রেজিস্ট্রেশন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। করোনা মহামারি শুরুর পর থেকেই যথাযথ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে নিত্য প্রয়োজনীয় ও জরুরি পণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘পাঠাও’ ও অন্যান্য ই-কমার্স খাতের সম্মুখসারির সেবাদাতারা। তাই ইতোমধ্যে সরকার ই-কমার্সকে জরুরি সেবার আওতাভুক্তও করেছে। এরই ধারাবাহিকতায় ফ্রন্টলাইনারদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ৬ হাজার ই-কমার্স কর্মীকে টিকা রেজিস্ট্রেশনের জন্য অনুমতি দিয়েছে।