News71.com
 Bangladesh
 06 Apr 21, 11:01 PM
 259           
 0
 06 Apr 21, 11:01 PM

রংপুরে জমি নিয়ে বিরোধ॥ ইউপি সদস্যসহ নিহত ২, আহত ১০ জন

রংপুরে জমি নিয়ে বিরোধ॥ ইউপি সদস্যসহ নিহত ২, আহত ১০ জন

 

নিউজ ডেস্কঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম (৫৭) এবং ইউপি সদস্য আজিজুল ইসলাম। আহতদের মধ্যে আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০) ও আবুল কালামের (২৫) নাম জানা গেছে। 

 

পুলিশ জানায়, নোহালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন ইউপি সদস্য আজিজুল ইসলামসহ অন্তত ১১ জন। এ অবস্থায় আহতদের মধ্যে আজিজুল ইসলামসহ কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল ইসলাম। নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটুল বলেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন