
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ প্রেমে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। জাতির পিতার প্রতি, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। একটি গোষ্ঠী চায়, বাংলাদেশ থেকে জাতির পিতার নাম মুছে ফেলতে, তাই তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙতে চায়, যোগ করেন মন্ত্রী। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মাদ্রাসায় জাতীয় পতাকার স্ট্যান্ড, জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ভার্চ্যুয়ালি (জুম প্লাটফর্মে) যোগ দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সবার উন্নয়ন চান। তাই তিনি সবার জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে জাতীয় পতাকার স্ট্যান্ড, জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।