
নিউজ ডেস্কঃ নাগরিকদের ভোগান্তি কমাতে দেশের ২১ জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ডরুম। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেওয়ার পর নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়া যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সারাদেশকে ডিজিটাল রেকর্ডরুমের আওতায় আনা হবে। বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ডরুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, ‘আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া বাকি ৪০ জেলার রেকর্ডরুমকে ডিজিটাল রেকর্ডরুম হিসেবে চালু করা হবে। প্রাথমিকভাবে ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জে ডিজিটাল রেকর্ডরুম চালু করা হয়েছে। তিনি বলেন, পাইলটিং সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এটা এখন আর পাইলটিং পর্যায়ে নেই। নাগরিকের ব্যাপক সাড়া পাওয়ায় আজকে ২১ জেলার রেকর্ডরুমের সার্টিফাইড খতিয়ান দেওয়ার নাগরিক সেবা কার্যক্রমটি ডিজিটাল বা ইলেক্ট্রনিক পদ্ধতিতে চালু করা হলো। এখন থেকে এ জেলাগুলোতে সব ধরনের ম্যানুয়াল কার্যক্রম বন্ধ থাকবে।