News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:55 PM
 240           
 0
 20 Dec 20, 10:55 PM

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমূলে উৎপাটন করা হবে ॥ কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমূলে উৎপাটন করা হবে ॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বাংলাদেশের মাটি থেকে সমূলে উৎপাটন করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। কৃষিমন্ত্রী রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা রাজাকার,আলবদর,পাকিস্তানি হানাদারবাহিনীকে বাংলার মাটিতে পরাজিত করেছি; সেই পাকিস্তানিদের দোসররা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাংলার মাটিতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করব, বাংলার মাটি থেকে তাদের মূলোৎপাটন করব। এই বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই নেই, থাকতে পারে না। স্বাধীনতাবিরোধী ও দেশদ্রোহী হিসেবে বাংলার মাটিতে তাদের বিচার হবে। যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হয়েছে তেমনিভাবে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবে।


কৃষিমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে যেমন ধ্বংস করা যাবে না, তেমনি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তাদেরকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো মোকাবেলা করে আবার পরাজিত করব। তাদেরকে আবার আমাদের পায়ের নিচে পড়ে ক্ষমা চাইতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) ১২টি গবেষণাপ্রতিষ্ঠানকে নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে। এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসিসহ অন্যান্য সংস্থাও মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারসহ সংস্থাপ্রধান ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন