
নিউজ ডেস্কঃ আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গণমানুষের হৃদয় জয় করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের একটি কমিউনিটি সেন্টারে চট্ট্রলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মলিত বৌদ্ধ নাগরিক পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের স্বার্থে তিনি কখনও আপোষ করেননি। যেখানে মানুষের দুঃখ-দুর্দশা, কষ্ট দেখেছেন সেখানেই ছুটে গেছেন। একাগ্রতা, আন্তরিকতা, সহমর্মিতার মধ্যে দিয়ে অন্য পেশার মানুষের কল্যাণে নিয়োজিত হয়েছেন।চসিক নির্বাচনে জয়ী হলে নগরের ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা এবং কোনো ভাবেই হোল্ডিং টেক্স অসহনীয় পর্যায়ে বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দেন রেজাউল করিম চৌধুরী।