
নিউজ ডেস্কঃ ৭১'র স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন-অর্জন ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যেভাবে উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে- দেশ তার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিজয় দিবস উদযাপনের আগে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এ কথা জানান। পরিকল্পনার চেয়ে উন্নয়নের গতি বেশি কিভাবে হচ্ছে সেই ব্যাখ্যাও করেছেন তিনি। তিনি বলেন, হয়তো পরিকল্পনা করা হয়েছে 'এসময়ের' মধ্যে আমরা ১শ' কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু সময় শেষে দেখা গেল নির্মাণ করা হয়েছে দেড়শ' কিলোমিটার সড়ক। অর্থাৎ পরিকল্পনার চেয়েও ৫০ কিলোমিটার সড়ক বেশি নির্মাণ করা হয়েছে। এই নির্মাণের সুফল কিন্তু দেশের নাগরিক ভোগ করছেন। পঞ্চবার্ষিকীসহ নানাভাবে উন্নয়ন পরিকল্পনা সাজিয়ে কাজ করছে সরকার। উন্নয়নের গতি এতোটাই বেশি যে এই উন্নয়ন-অর্জনকে পেছনে টেনে ধরা কারো পক্ষেই সম্ভব হবে না। বিজয়ের মাসে দেশের অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় অর্জন নিজস্ব অর্থায়নে করা দৃশ্যমান পুরো পদ্মাসেতু। প্রমত্তা পদ্মার এপাড়-ওপাড় এখন একাকার। রাজধানীর বুকে দ্রুত এগিয়ে চলছে মেট্রোরেলের নির্মাণযজ্ঞ। বাণিজ্যিক নগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে হচ্ছে দেশের প্রথম টানেল। গত এক যুগে এ যেন নতুন বাংলাদেশ, গড়ে সাড়ে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নের নানা সূচকে বেড়েছে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইন্সটিটিউট'র জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ বলেন, ৪৯ বছর ধরে চলা ধারাবাহিক উন্নয়নের সবচেয়ে বড় প্রভাব পড়েছে আমাদের মনস্তত্ত্বে। এতে অগ্রগতির পথে চলার আত্মবিশ্বাস বেড়েছে।