
নিউজ ডেস্কঃ নিখোঁজের তিনদিন পর মৌলভীবাজারের কুলাউড়া থেকে আব্দুল মনাফের (৩২) নামে এক ব্যবসায়ীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে সাড়ে ১০ টার দিকে উপজেলার আলমপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। পুলিশ জানায়, জয়চন্ডী ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল মনাফের (৩২) কুলাউড়া উপজেলা শহরের মিলিপ্লাজায় মনাফ টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১২ ডিসেম্বর রাতে প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার কোন সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানায় পরিবার। পরে এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। তাদের দেওয়া তথ্য মতে, পুলিশ নিহত মনাফের মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থার তার বাড়ির পেছন থেকে উদ্ধার করে। তবে আটক ওই দুজনের নাম-পরিচয় জানা যায়নি।