
নিউজ ডেস্কঃ বিজয় দিবসে এবার আর দেশব্যাপী স্কুল-কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও মার্চপাস্ট হচ্ছে না। করোনায় সেই ঐতিহ্য থমকে গেছে। তবে ফেডারেশনগুলোকে নিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজন করার ব্যাপারে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত ফেডারেশনগুলোকে ৭০ লাখ টাকা দিয়েছে মন্ত্রণালয়। অ্যাথলিটদের ভ্যাকসিন দেবার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।বিজয়ের মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মার্চপাস্ট আর দেশব্যাপী স্কুল-কলেজে ক্রীড়ানুষ্ঠান - মনোমুগ্ধকর ডিসপ্লে। ১৬ ডিসেম্বর শিশু কিশোরদের চিরাচরিত এই দৃশ্য এবার দেখা মিলবে না। করোনার কারণে বন্ধ করে দেয়া হয়েছে এবার। করোনা আক্রান্ত হবার পর, সুস্থ হয়ে প্রথম অফিস করে তা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।করোনার কারণে বাংলাদেশ গেমস পিছিয়েছে বেশ কয়েকবার। তবে নতুন সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে হবে গেমস। ফেডারেশন গুলোও সন্দিহান। তবে এখন পর্যন্ত ফেব্রুয়ারিতেই আসর শুরুর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।করোনার ভ্যাকসিন শিগগিরই আসার কথা বাংলাদেশে। নাগরিকদের মাঝে তা বিতরণ হবে গুরুত্ব অনুসারে। অ্যাথলিটরা কবে পেতে পারে ভ্যাকসিন। তা নিয়ে চলছে আলোচনা।এদিন করোনায় ক্ষতিগ্রস্ত ১০টি ফেডারেশনকে ৭০ লাখ টাকা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।