
নিউজ ডেস্কঃ উচ্চ আয়ের দেশে কর্মরত প্রবাসীদের আয় একই ধরনের কাজে নিযুক্ত সেসব দেশের নাগরিকদের তুলনায় কমছে। এই কমের পরিমাণ গড়ে ১৩ শতাংশ। তবে, ৪২ শতাংশ পর্যন্তও আছে। সোমবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের নাগরিকরা দেশের ভেতরে কাজ করে যে পরিমাণ আয় করেন, সে দেশে প্রবাসী শ্রমিকরা কাজ করে সেই তুলনায় ৪২ শতাংশ কম আয় করেন। ইতালিতে এই পার্থক্য ৩০ শতাংশ আর অস্ট্রিয়ায় তা ২৫ শতাংশ। তবে, ফিনল্যান্ডে এই পার্থক্য গড় হিসাবের নিচে, দেশটিতে এই পার্থক্য ১১ শতাংশ আর ইউরোপীয় ইউনিয়নে তা ৯ শতাংশ। গত পাঁচ বছর ধরেই উচ্চ আয়ের দেশে এই আয়ের পার্থক্য বেড়ে চলছে। যেমন ২০১৫ সালে ইতালিতে এই পার্থক্য ছিল ২৭ শতাংশ; এ বছর এসে এই পার্থক্য দাঁড়িয়েছে ৩০ শতাংশে। পর্তুগালে ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশে আর ২০১৫ সালে আয়ারল্যান্ডে এই পার্থক্য ১৯ শতাংশ ছিল; বর্তমানে এসে দাঁড়িয়েছে ২১ শতাংশে।প্রতিবেদনটি বলছে, নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের আয়ের এই পার্থক্য এটাই বুঝিয়ে দিচ্ছে যে, প্রবাসীদের জন্য উচ্চ আয়ের দেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে (কম লাভজনক) উঠছে। কারণ, এসব দেশে ২৭ শতাংশ প্রবাসী করেন চুক্তিভিত্তিক আর ১৫ শতাংশ করে পার্ট টাইম হিসেবে। কৃষি, মৎস্য আহরোণের মতো প্রধান প্রধান খাতে প্রবাসী শ্রমিকরা কম সুযোগ পান যেখানে খনি ও খনন কাজে বেশি সুযোগ পান প্রবাসীরা। এছাড়া, উৎপাদন, গ্যাস-বিদ্যুৎ-পানি ও নির্মাণখাতে ভিন্ন দেশের নাগরিকদের বেশি সুযোগ দেয় উচ্চ আয়ের দেশগুলো।