
নিউজ ডেস্কঃ নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করতে পারায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবার আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগ থেকে চারবার মেয়র নির্বাচিত হয়েছে। মহিউদ্দিন চৌধুরী তিনবার ও আ জ ম নাছির উদ্দীন একবার। সুতরাং আমাদের শঙ্কা ও অনিশ্চিয়তার কিছু নেই। এবার আমাদের জন্য আরও সহজ হবে। চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। নওফেল বলেন, মহিউদ্দিন চৌধুরী মেয়র হিসেবে যখন নির্বাচিত হয়েছিলেন, তখন ক্ষমতায় ছিলো বিএনপি। ওইসময়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি কার্যালয়ে থাকার কথা ছিলো। কিন্তু মহিউদ্দিন চৌধুরী ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি না টাঙিয়ে, বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলেন। এ জন্য তিনি অনেকের বিরাগভাজন হন। ‘এটির কারণে এক বছরের মধ্যে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তারা পরাজয় স্বীকার করে। যেহেতু আইন অনুযায়ী ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি রাখার নিয়ম ছিলো। তখনকার সময়ের প্রধানমন্ত্রীর ছবিও ছিলো, তবে সেটি ছিলো দরজার সামনে। যাওয়ার সময় সেটি মানুষ দেখতো পেতো।’ বলেন নওফেল।