
নিউজ ডেস্কঃ রাজধানী শহর ঢাকায় আবাসিক ভবনের উচ্চতা কতটুকু হবে, তা অঞ্চলভেদে নির্ধারণ করতে নগর পরিকল্পাবিদরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার মাহমুদের নেতৃত্বে সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা শহরকে বসবাস উপযোগী করতে সীমাবদ্ধতাগুলো কীভাবে দূর করা যায় এবং আগামীতে নতুন করে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে নগর পরিকল্পনাবিদদের সঙ্গে সভা করেছি। কোথায় রাস্তা হবে, কতটুকু রাস্তা হবে, আমাদের আবাসন কতটুকু লাগবে, শপিংমল কত হবে, স্কুল কত হবে— এগুলো যাতে যৌক্তিক ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে নগর পরিকল্পনাবিদদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।