
নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে বরযাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় নববধূসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরের দিকে হাতিয়ার কেয়ারিংচর থেকে ৮০-৮৫জন বরযাত্রী নিয়ে ডালচর যাওয়ার পথে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে কেয়ারিংচর থেকে ৮০-৮৫জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ট্রলার নিঝুম দ্বীপের ডালচর যাচ্ছিল। পথে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে নদীতে হঠাৎ ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এক পর্যায়ে স্রোতে নৌকাটি টাংকির ঘাট এলাকায় ভিড়ে। পরে স্থানীয়রা ওই ট্রলার থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে নববধূ, তিন নারী শিশু ও একজন নারী ছিল। উদ্ধার কাজে সাহায্যকারী স্থানীয় রফিক ও পুলিশের এক কনস্টেবল সোহাগ জানান ট্রলারে থাকা অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে। তবে এ বিষয়ে হাতিয়া থানার ওসি আবুল খায়ের, ইউএনও ইমরান হোসেন এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া সঠিক কোনো তথ্য দিতে পারেননি।