
নিউজ ডেস্কঃ ধোলাইপাড়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার বিভিন্ন মতের মানুষের সঙ্গে বসতেই পারে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে প্রতিদিন যারা সরকারকে নামাতে চায় তাদের সঙ্গে সরকার বসেছে। বিভিন্ন মতের মানুষের সঙ্গে বসা মানে এই নয় যে আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছি। আমাদের অবস্থান যেখানে ছিল সেখানে আছে, থাকবে।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তথ্যমন্ত্রীর কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ’র সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভাস্কর্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বসেছেন। আমরা যে কারো সঙ্গেই বসতে পারি। যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটে তাদের সঙ্গেও সরকার বসেছে, শেখ হাসিনা বসেছেন। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেসক্লাবের সামনে নয়াপল্টনে তাদের সঙ্গেও আমরা বসেছি। সুতরাং, যারা ভাস্কর্য ইস্যুতে বিরূপ মন্তব্য করছে তাদের সঙ্গে সরকার বসতেই পারে।