
নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় ভ্যাকসিন উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে বিশ্বকে। তবে, যুক্তরাষ্ট্রের ডিউক ইউনির্ভাসিটির একটি জরিপ বলছে, আগাম ভ্যাকসিন কেনায় ধনী ও গরিব দেশগুলোর মধ্যে বৈষম্য চোখে পড়ার মতো। যেখানে ধনী দেশগুলো নিজেদের জনসংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি ভ্যাকসিন কিনছে, সেখানে তৃতীয় বিশ্বের অনেক দেশ জনসংখ্যার এক শতাংশ ভ্যাকসিনও পাচ্ছে না।গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে মহামারি করোনা। এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ আক্রান্তের পাশাপাশি কয়েক লাখ প্রাণহানি হয়েছে।মহামারি রুখতে ভ্যাকসিন নিয়ে কাজ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মানবদেহে টিকা প্রয়োগ চলছে কয়েকটি ধাপে। তবে মার্কিন ডিউক ইউনির্ভাসিটির জরিপ বলছে, উন্নত দেশগুলো টিকা মজুত করছে। অথচ তৃতীয় বিশ্বের দেশগুলো চাহিদার এক ভাগ ভ্যাকসিনও সংগ্রহ করতে পারছে না।তাদের জরিপ বলছে, ধনী দেশগুলো এমনভাবে আগাম ভ্যাকসিন কিনছে, যাতে তাদের জনগণ একাধিকবার টিকা পেতে পারে। আগাম ভ্যাকসিন কেনার তালিকায় সবার শীর্ষে আছে ভারত। দেশটি ১৬০ কোটি ডোজের অর্ডার দিয়েছে। এরপরই আছে ইউরোপীয় ইউনিয়ন। বেশ কয়েকটি কোম্পানির কাছে তাদের অর্ডারের পরিমাণ ১৩৬ কোটি। তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি আগাম টিকার অর্ডার দিয়েছে ১১০ কোটি। আর কানাডা নিজ দেশের জনসংখ্যার চেয়ে পাঁচগুণ বেশি অর্ডার করেছে। অন্যদিকে, ভারতে এতো টিকার অর্ডার দিলেও দেশটির মোট জনসংখ্যার ৫৯ শতাংশ টিকা পাবে। এছাড়াও ব্রাজিলে ৪৬ শতাংশ এবং কাজাখাস্তানে মাত্র ১৫ শতাংশ মানুষ টিকা পাবে। এই তালিকার সবচেয়ে তলানিতে আছে ফিলিপাইন, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ টিকা পাবেন।