
নিউজ ডেস্কঃ দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীতে বেলা গড়ালেও সূর্য উঁকি দেয়নি। বুধবারের আগে কুয়াশা কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্য প্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিনের সকাল দেখা পায়নি সূর্যের। কয়েকজন নগরবাসী জানান, রাজধানীতে সূর্যের দেখা নেই। সেজন্য একটু বেশি শীত লাগছে। কুয়াশা আছে কয়েক দিন ধরেই। ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করেই। একজন মোটরসাইকেল আরোহী বলেন, অনেক শীত। মোটরসাইকেল চালানোর কারণে শরীর থর থর করে কাঁপছে। আবহাওয়া অফিস বলছে, এই কুয়াশা বিজয় দিবসের আগে কাটছে না। ১৭ কিংবা ১৮ ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারাদেশে বয়ে যাবে তীব্র শৈত্য প্রবাহ। এখনো আসেনি পৌষ। কাজেই আরো বাড়বে শীতের দাপট। আর তখন কমে আসবে কুয়াশাও।