
নিউজ ডেস্কঃ আরেকটি শাপলা চত্বর ঘটাতেই ভাস্কর্যের বিরোধিতা করছে ধর্মান্ধ গোষ্ঠী বলে মন্তব্য করেছেন আওয়ামীপন্থী আলেমরা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ধর্মবিষয়ক কমিটির সভায় বক্তারা এ বিষয়ে সরকার ও জনগণকে আরও সজাগ থাকার আহবান জানান। একইদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম দাবি করে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দায় চাপিয়ে তাদের ঘায়েলের চেষ্টা করা হচ্ছে। এদিকে, কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার বিষয়ে হেফাজতকে জড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। এসময় সংগঠনের নেতারা অভিযোগ করেন, একটি মহল কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার দায় হেফাজতে ইসলামের ওপর চাপানোর চেষ্টা করছে। এছাড়া, কুষ্টিয়ায় দুই মাদ্রাসা ছাত্রের গ্রেপ্তার নিয়েও প্রশ্ন তুলেছে তারা। হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদ্বেষী একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় ওলামা একরাম ও হেফাজত নেতৃবৃন্দের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে ঘায়েল করার অপচেষ্টা করছে।'