
নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে। এর আগে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের যোগদান করেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন মাকছুদুর রহমান। এদিকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন, সত্যের অনুসন্ধান করে ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে যথাযথ ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতে সত্যকে আমরা ধারণ করে এগিয়ে যাচ্ছি।