
নিউজ ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদে চেযারম্যান পদে উপ-নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান রোববার রাত ৮টার দিকে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে উপসচিব মো. আতিয়ার রহমান নির্বাচন পরিচালনা কমিটি-২ অধি শাখা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে ১০ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে নির্বাচন কমিশনারের কাছে প্রতিবেদন পেশ করেন। তদন্ত প্রতিবেদনে নির্বাচন পরিচালনায় অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি-৮৮ অনুসারে উপ-নির্বাচনটি বাতিল করা হয়েছে। নতুন নির্বাচনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। গত ১০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখার অভিযোগে ১৫ নম্বর চরভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের নির্বাচন শুরুতেই স্থগিত করা হয়। ওই কেন্দ্রে মোট ভোটার ছিলেন দুই হাজার পাঁচশত জন।