
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে। দিনে দিনে ভোটারের সংখ্যা কমেছে। মানুষের আগ্রহ কমেছে রাজনীতির প্রতি। রাজনীতির পরিবেশ না পেয়ে অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়ছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী জাপা চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি খুলনা বিভাগ আয়োজিত তৃণমূলে নেতৃত্ব নির্বাচন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে নির্বাচনমুখী করা। আমরা রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে চাই। রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করতে চাই। আমরা চাই দেশের মানুষ যেন আবারও ভোটের প্রতি আগ্রহী হয়। নির্বাচনে যেন সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়। আমরা মানুষের আস্থা অর্জন করে দেশ ও জনগণের সেবা করতে চাই। তিনি বলেন, রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝড়ে পড়ছে। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারে না। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নাম সর্বস্ব দলে পরিণত হবে।