
নিউজ ডেস্কঃ চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রকাশ্যে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন (৩৮)। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে তার শ্যালক সাদ্দাম হোসেন (৩১) ও শ্বশুর ওয়ারেন্ট অফিসার (অব.) কামাল প্রধান (৬৫) আহত হন। শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, আমিরুল ইসলাম নয়নের ডান পায়ে ধারালো অস্ত্র ও মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া তার শ্যালক ও শ্বশুরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আহত আমরুল ইসলাম নয়নের খালাতো ভাই শামীম জানান, ‘সম্প্রতি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার অনুসারীরা নয়নের ওপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদের জুমার নামাজ পড়তে গেলে খুতবা চলাকালীন সময়ে মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায় জুয়েল চেয়ারম্যানের লোকজন।