
নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের ভেতরের সিলিন্ডার আকৃতির অংশের কংক্রিটিংয়ের কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্য দিয়ে এ ইউনিটের চতুর্থ স্তরের আভ্যন্তরীন অংশের (ইনার কন্টেইনমেন্টের) ৩৮ দশমিক ৫০০ মি পূরণ হলো। আরএনপিপি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরএনপিপি অবকাঠামো নির্মাণ প্রকল্পের ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতোচকিন বলেন ‘এটি নির্ধারিত সময় সীমার প্রায় এক মাস আগে শেষ হলো। রোসেম ট্রাস্ট এলএলসি কোম্পানির বিশেষজ্ঞরা এর অভ্যন্তরে ১০৪৪ ঘনমিটার কংক্রিট ব্যবহার করেছেন। বর্তমানে নির্মাণ শ্রমিকরা কন্টেইনমেন্ট ডোম অংশের যত্রাংশ প্রস্তুত শুরু করেছে। পরিকল্পনা অনুসারে ভেতরের কন্টেইনমেন্ট ডোমের স্টিলের কাঠামো ও কংক্রিটের কার্যক্রম ২০২১ সালের জুলাই মাসে সম্পন্ন হবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আভ্যন্তরীন কন্টেইনমেন্ট। এটি পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোকে প্রতিহত করে।