News71.com
 Bangladesh
 05 Dec 20, 10:31 AM
 248           
 0
 05 Dec 20, 10:31 AM

ফতোয়াবাজরা নানা সময়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে।। হাছান মাহমুদ

ফতোয়াবাজরা নানা সময়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে।। হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মৌলবাদী গোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আজকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়ে অপব্যাখ্যা ও ফতোয়া দেওয়া হচ্ছে। এই ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করেছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন। তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনলাইনে এবং খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ খুলনা বেতারকেন্দ্রে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন। খুলনাকেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশ যাতে প্রগতির দিকে যায় এবং একইসাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশপ্রেম, মেধা ও মননের সমন্বয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে পারে, সেই লক্ষ্য নিয়েই গণমাধ্যমের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। বিনোদন দেওয়ার ক্ষেত্রেও আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আকাশ- সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারবো। তথ্যমন্ত্রী এসময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেতারের খুলনা কেন্দ্রসহ পুরো বেতার পরিবারকে অভিনন্দন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন