
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শেখ ফজলুল হক মনির শূন্যতা পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে নিমজ্জিত ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজধানীতে সক্রিয় ছিলেন শেখ ফজলুল হক মনি। স্বাধিকার আন্দোলন, ৬ দফা, মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন মেয়র তাপস।তাপস বলেন, শেখ ফজলুল হক মনি জাতির পিতার নির্দেশে মুজিব বাহিনী গঠন করে পূর্বাঞ্চল কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করেছিলেন বলেই জাতির পিতার নির্দেশে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। ব্যারিস্টার তাপস বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে যুবলীগ শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে একটা মেধাভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। যুব সমাজ যখন সেই পর্যায়ে যেতে পারবে তখনই শহীদ শেখ ফজলুল হক মনির স্বপ্ন পূরণ হবে।