News71.com
 Bangladesh
 04 Dec 20, 11:22 AM
 259           
 0
 04 Dec 20, 11:22 AM

অকালে চলে গেলেন এআইজি সাঈদ তারিকুল।।

অকালে চলে গেলেন এআইজি সাঈদ তারিকুল।।

নিউজ ডেস্কঃ পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশনস) সাঈদ তারিকুল হাসান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর জেলার সদর থানাধীন মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আমিনুল ইসলাম এবং মাতা মোর্শেদা খাতুন। এআইজি সাঈদ ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সদরদপ্তরে অপারেশনস উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হয়েছেন এবং চারবার আইজিপি ব্যাজ পেয়েছেন। পুলিশ সদরদপ্তর জানায়, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সসের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন