
নিউজ ডেস্কঃ জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।তবে তাকে দুদকে হাজির হওয়ার জন্য ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন উচ্চ আদালত।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম, মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।পরে খুরশীদ আলম খান বলেন, দুদকে হাজিরের জন্য দেওয়া নোটিশের বৈধতা নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাকে দুদকে যেতে হবে। তবে তার আইনজীবী বলেছেন তিনি অসুস্থ। এ কারণে ২৭ জানুয়ারি বা তার আগে তাকে দুদকে যেতে সময় দিয়েছেন আদালত।গত ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়।