
নিউজ ডেস্কঃ মুজিব জন্মশতবর্ষ উদযাপনে সেনাবাহিনীর ১০০ জন সাইক্লিস্টদের অংশগ্রহণে সাইক্লিং এক্সপিডিশন দলটি দীর্ঘ ২৩ দিনে ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টেকনাফে পৌঁছেছে।মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্টে গিয়ে পৌঁছায় সাইক্লিস্ট দলটি।এসময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেনা সদস্যরা তাদের অভিনন্দন জানান। সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারীরাও এসময় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারায় হই-হুল্লোড় করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সাবরাং জিরো পয়েন্টে আয়োজিত মুজিব জন্মশতবর্ষের সাইক্লিং এক্সপিডিশনের ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের ১০ আর্টিলারি বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদিক।এসময় সাইক্লিং এক্সপিডিশনে অংশগ্রহণকারি সৈনিক রিনা এবং নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল ওমর সাদিক জানান, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং স্মরণীয় করে রাখতে সেনাবাহিনীর বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সাইক্লিং এক্সপিডিশনটির আয়োজন করা হয়েছে। দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় এতে অংশগ্রহণকারীরা সেনা সদস্য ও সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছে দিয়েছেন। আগামীতেও এ চেতনাকে ধারণ করে দেশ গঠনের আহবান জানানো হয়েছে।