News71.com
 Bangladesh
 30 Nov 20, 01:32 PM
 317           
 0
 30 Nov 20, 01:32 PM

স্বপ্নবাজ মেয়র আনিসুল হককে হারানোর ৩ বছর।।

স্বপ্নবাজ মেয়র আনিসুল হককে হারানোর ৩ বছর।।

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ নভেম্বর)। এ উপলক্ষে তার পরিবারের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উত্তর সিটির পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাদ জোহর গুলশানে ডিএনসিসির নগর ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মেয়র।২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন তিনি। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার বেশকিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন ঢাকার স্বপ্নবাজ মেয়র আনিসুল হক।২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তার নেতৃত্বে ডিএনসিসি ওই সড়ক দখলমুক্ত করে। এ ঘটনায় তিনি রাতারাতি দেশজুড়ে জনপ্রিয়তা পান।এছাড়া মেয়র নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই তিনি ঢাকা শহর থেকে সব বিলবোর্ড উচ্ছেদ করেন, যা সাধারণ নগরবাসীর কাছে ছিল অবিশ্বাস্য। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন পরিবহনের গাড়ি রাস্তা দখলে রাখতো। ফলে এ পথে মানুষকে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হতো। প্রতিশ্রুতি মোতাবেক ঘোষণা দিয়েই তিনি শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত রাস্তা গতিশীল করে তোলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন