
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শ্বশুর সোলায়মানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুত্রবধূর করা ধর্ষণের মামলায় রবিবার আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও ধর্ষণের শিকার ওই নারীর পরিবার জানায় শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। মামালার পর ঐদিনই গভীর রাতে শেখ সোলায়মানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ওই গৃহবধূর স্বামী দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করেন। সে জন্য তিনি বাড়িতে কম থাকেন। শ্বশুর সোলায়মান প্রথমে এই সুযোগে তাকে নানা প্রলোভন দেখান। কিন্তু গৃহবধূ তাতে রাজী না হওয়ায় এক পর্যায়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এর পর থেকে দীর্ঘদিন ধরে তাকে নানা সময়ে পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি কাউকে জানালে পরিবারের ক্ষতি হবে বলে গৃহবধূকে এতদিন চুপ থাকতে বাধ্য করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিষয়টি অত্যাচারের পর্যায়ে গেলে তিনি অভিভাবকদের সব কিছু জানিয়ে দেন। তাদের সঙ্গে কথা বলার পর শনিবার মধ্যরাতে মামলাটি রেকর্ড হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সোলায়মানকে গ্রেফতার করে।