
নিউজ ডেস্কঃ মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’ ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নোটিশে মনিরের ২০০৯ সালের ১৮ জুনের পর থেকে অর্জিত সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। আর তার স্ত্রীর ২০১৬ সালের ১৬ অক্টোবরের পর থেকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের কাছে এই নোটিশ পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান দুদকের পরিচালক আকতার হোসেন আজাদ এই নোটিশ দিয়েছেন। নোটিশে বলা হয়েছে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্ব-নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। দুদকের অনুসন্ধান সূত্র জানায় দুদকের প্রাথমিক অনুসন্ধানে মনিরের নামে ৬ শত ১০ কোটি এবং তার স্ত্রীর নামে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। মনির হোসেনের স্ত্রী রওশন আক্তার একজন গৃহিনী। কিন্তু তার এসব সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।গত ২১ নভেম্বর নিজ বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মনির হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তার অবৈধ সম্পদের উৎস খুঁজতে মাঠে নামে দুদক।