
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আইডিয়া প্রকল্পের উদ্যোগে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।এ সময় প্রতিমন্ত্রী পলক বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনূকরণীয় এবং অনুপ্রেরণাদায়ী একটি দৃষ্টান্ত। বঙ্গবন্ধু তার দূরদর্শীতা দিয়ে সময়ের আগে ভেবেছেন, সমস্যা সমাধানসহ অধিকার আদায়ের জন্য বড় বড় পদক্ষেপ নিয়েছেন ও অনেক বড় বড় উদ্যোগও গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট” এই আইডিয়াটি নিয়ে কাজ শুরু করা হয়েছিল মূলত মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য।প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশরই নয়, সারা বিশ্বের। জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আদর্শকে অনুপ্রাণিত করতে ইনোভেশন গ্র্যান্ট প্লাটফর্মে সারা বিশ্বের তরুণ উদ্ভাবকদের জন্য স্বপ্ন পূরণের আকর্ষণীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।এদিকে আইসিটি বিভাগ মুজিববর্ষে ইনোভেশন গ্র্যান্টসহ প্রযুক্তিনির্ভর ২০টি উদ্যোগ গ্রহণ করেছে জানান প্রতিমন্ত্রী।