
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম। সাইবার ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনার আ.ফ.ম আল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন জাহিদ বিন আজিজ। ঢাকার হাজারীবাগের রায়েরবাজারের ১২৬/১/সির মৃত আজিজুর রহমানের ছেলে।গ্রেফতার জাহিদের কাছ থেকে জব্দ করা ডিভাইস থেকে চিফ হুইপ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যদের নামে ভুয়া আইডি পাওয়া গেছে। এসব আইডি থেকে বিভিন্ন সাংসদসহ অনেকের সঙ্গে যোগাযোগের তথ্যও মিলেছে।জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদের চিফ হুইপ মাদারীপুর-১ (শিবচর) আসনের সাংসদ নূর-ই-আলম চৌধরীর নামে কয়েকটি ফেসবুক আইডি পরিলক্ষিত হয়। অথচ চিফ হুইপের কোনো ফেসবুক আইডি নেই বলে নির্ভরশীল সূত্রে জানা যায়। বিষয়টি চিফ হুইপের নজরে আসলে তিনি ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধের আহ্বান জানান।