News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:32 PM
 180           
 0
 25 Nov 20, 07:32 PM

হিসাব খোলার দুই পাতার ফরম চালু করেনি ৮০ ভাগ ব্যাংক।।

হিসাব খোলার দুই পাতার ফরম চালু করেনি ৮০ ভাগ ব্যাংক।।

নিউজ ডেস্কঃ মাত্র দুই পাতার ফরম পূরণ করে খোলা যাবে ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা বাস্তবায়ন করেনি ব্যাংকসহ ৮০ ভাগ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলো বলছে, নতুন ফরম বাস্তবায়নে কাজ চলছে। এদিকে, দ্রুত সব ব্যাংকে এ সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই ১০ থেকে ১৮ পাতার কেওয়াইসি বা 'নো ইয়্যুর কাস্টমার' ফরমে বিভিন্ন তথ্য দিতে হয় গ্রাহকদের। সময় লাগে আধা ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা। নানা ধরনের তথ্য দিতে গিয়ে বিরক্তবোধ করেন গ্রাহক, বিড়ম্বনায় পড়েন ব্যাংক কর্মকর্তারা। এমন ভোগান্তি কমাতে ও সময় বাঁচিয়ে আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হালনাগাদ করা দুই পাতার অ্যাকাউন্ট ওপেনিং ফরম চালু করে তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয় গত জুন মাসের মধ্যে। পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও এখনও কার্যকর করেনি সোনালী ছাড়া সরকারি অন্য কোন ব্যাংক। জানতে চাইলে রূপালী ব্যাংকের লোকাল শাখার উপ-মহাব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে কমিটি কাজ করছে। দ্রুতই সমাধান হবে। একই অবস্থা রাষ্ট্রায়ত্ব আরেক বড় ব্যাংক অগ্রণীর। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সময় সংবাদকে জানান, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কার্যক্রম পরিচালনা হচ্ছে। হার্ডকপি প্রিন্ট অল্প কিছু দিনের মধ্যে প্রতিটি শাখায় পাঠানো হবে। এদিকে, একই অবস্থা বেরসকারি ঘরানার ব্যাংকগুলোর। ফার্স্ট জেনারেশনের কয়েকটি ব্যাংক ছাড়া কোন ব্যাংক এখনও পরিচালনা করতে পারেনি এই সেবা। কয়েকটি ব্যাংকের মধ্যে ঢাকা ব্যাংক পরিচালনা করছে এ সেবা। ঢাকা ব্যাংকের লোকাল অফিসের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ গ্রাহক ও ব্যাংকারদের কাজে আগ্রহী করে তুলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন