
নিউজ ডেস্কঃ কোনোভাবেই অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করা যাবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুনের বিষয়ে কথা বলার এ হুঁশিয়ারি দেন তিনি ।তিনি জানান, অবৈধ সংযোগ বা পর্যাপ্ত আর্থিং না থাকাসহ নানা অবহেলার কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে। আমাদের বেশকিছু বস্তি এলাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত। এ এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ সব সময়ই ঝুঁকিপূর্ণ। একই সাথে বিদ্যুৎ বিতরণও প্রয়োজন। উৎপাদন থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ব্যবহার সব সময় ঝুঁকিপূর্ণ। তাই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনা রাখতে হবে। বিদ্যুতের দুর্ঘটনার প্রধান একটি কারণ হচ্ছে শর্ট সার্কিট।গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর দানা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।