
নিউজ ডেস্কঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, যত বিভেদই থাকুক, নিজেদের স্বার্থে সাংবাদিকদের এক হতে হবে। সোমবার (২৩ নভেম্বর) পিআইবির উদ্যোগে ফেনী প্রেসক্লাব আয়োজিত তিন দিনব্যাপী অনুসন্ধানীমূলক রিপোর্টিংয়ের প্রথম দিনের সমাপনীতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনেক দিনের লুকিয়ে থাকা ঘটনার তথ্য উপাত্ত খুঁজে বের করতে বেশ সময় লাগে। এতে ঝুঁকিও আছে অনেক। তাই দেশ ও সমাজের কথা বিবেচনা করে অনুসন্ধানী সাংবাদিকতা বাড়াতে হবে। তিনি বলেন, সারাদেশে নামধারী সাংবাদিকদের কারণে মূলধারার সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে। অনেকেই আছে লিখতে পারে না, তারপরও বাংলা-ইংলিশ পত্রিকা বের করে সুবিধা নেয়। অনেক বড় বড় সাংবাদিক কিন্তু নিউজ করেন না। পেশাদার অনেক সাংবাদিকদের করোনাকালে প্রণোদনা দেওয়া হয়েছে। সময়ের ব্যবধানে সবাইকে প্রণোদনা দেওয়া হবে। এ কাজ অব্যাহত আছে।