
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করায় জহুরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভারতের বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।তারা আরও জানান, দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলামসহ কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর গরুর নিয়ে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানায় অবস্থিত বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।এ প্রসঙ্গে কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ভারতের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।