
নিউজ ডেস্কঃ নতুন বছরের শুরুতে তিন দেশের চারটি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ২০২১ সালের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা। এছাড়াও শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালু করা হবে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কক্সবাজারের একটি হোটেলে মিট দ্যা প্রেসে এ কথা বলেন তিনি। শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন দু’টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও দু’টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ বহরে আনা হবে। মোট নতুন চারটি প্লেন বহরে যোগ হবে। ‘বাংলাদেশ অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখা ও বিকাশের লক্ষ্যে অ্যারোনটিক্যাল চার্জ, ফুয়েলের দাম কমানো প্রয়োজন। সরকার যদি আন্তরিকভাবে এগিয়ে আসে তাহলে এ শিল্পের বিকাশ হবে।’ ইউএস-বাংলার সিইও বলেন, করোনা মহামারিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স যে ক্ষতির মুখে পড়েছে, তা কাটিয়ে উঠতে দুই বছর লাগবে।