
নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্দোলনের হুমকির মধ্যেই সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যা মামলায় গ্রেফতার ঢাকার সরকারি মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন জামিন পেয়েছেন। রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল তার জামিন মঞ্জুর করেন। গত ১৭ নভেম্বর ডা. মামুনকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। সেই রিমান্ড শেষে গত ২০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেছিলেন। এর আগে একইদিনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশের তেজগাঁও বিভাগ। সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যুর পর তার বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ঝামেলার কারণে আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।