
নিউজ ডেস্কঃ আইসিইউ, ব্লাড ব্যাংক ও সার্বক্ষণিক কনসালটেন্ট না থাকায় চট্টগ্রামের বেসরকারি পিপলস হাসপাতালকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, ১৭ নভেম্বর সন্তান প্রসবের সময় প্রসূতি মায়ের জরায়ু কেটে ফেলার অভিযোগ ওঠে পিপলস হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে শনিবার সন্ধ্যায় হাসপাতালটিতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ সময় নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতালটির মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, 'হাসপাতালটিতে কোনো আইসিউ শয্যা নাই। এর পাশাপাশি এখানে সার্বক্ষণিক কনসালটেন্ট থাকেন না। তাদেরকে সবসময় অন কলে থাকতে হয়।'চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, 'আমরা এখানে জনভোগান্তির প্রমাণ পেয়েছি। এখানে যে মূল্য তালিকা টাঙানো হয়েছে, আর ভিতরে যে মূল্য তালিকাটা চার্জ করা হচ্ছে এর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। যেটা আমরা আমাদের ইনভেস্টিগেশনে পেয়েছি। এই বিষয়গুলোকে আমলে নিয়ে আমরা জরিমানা করেছি।'