
নিউজ ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের করোনার চিকিৎসা ইউরোপ-আমেরিকা থেকে ভালো। শুরুতে বাংলাদেশের করোনা চিকিৎসা নিয়ে শত সমালোচনা ছিল। এখন দেখা যাচ্ছে, ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশের করোনা চিকিৎসা ভালো। বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে; কিন্তু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আছে। এটা কিন্তু ইউরোপ-আমেরিকার ডাক্তাররা পারছে না। আজকে আমেরিকার নির্বাচনে বড় অস্ত্র হয়ে গেল করোনা। আমাদের দেশে করোনা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এক ধরনের স্বাভাবিক অবস্থা চলে এসেছে।দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সুধী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বোচাগঞ্জ উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি রাস্তা এবং ফুটকিবাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০টি বাড়ির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যেও আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, আমরা আড়াই মাস মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছি। ইউএনও, ডিসিসহ সরকারি কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। যখন পরিবারের লোকজন কোনও করোনার রোগীর পাশে যাচ্ছেন না, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কর্মকর্তারা তাদের হাসপাতালে নিয়ে গেছেন। ডাক্তাররা রোগীদের চিকিৎসা করাচ্ছেন। এ চিত্র সমগ্র বাংলাদেশের। এ সময় ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে যারা দেশকে নিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, সেসব ধর্ম ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করতে হবে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ধর্ম ব্যবসায়ী বিরূপ মন্তব্য করছে। তারা জানে না, ভাস্কর্য কি জিনিস; আর মূর্তি কি জিনিস। তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।