
নিউজ ডেস্কঃ জয়পুরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর ৫ বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গেছে স্বামী। মাদক ও জুয়ায় আসক্তি থেকেই স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। এদিকে অভিযুক্তকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।পরিবারের অভিযোগ, মাদক ও জুয়ায় আসক্ত হয়ে পড়ায় স্বামী অনুকূল মোহন্তের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মনিকা মোহন্তের। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করত সে। এরই মধ্যে এনজিও থেকে নেওয়া ঋণ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল অনুকূল। রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে গলা টিপে মনিকাকে হত্যার পর ৫ বছরের ছেলে অপূর্বকে নিয়ে পালিয়ে যায় সে।নিহতের স্বজন বলেন, 'অনুকূল মোহন্ত প্রতিদিন নেশা করে এসে মনিকা মোহন্তকে মারধর করত। আমরা এই হত্যার বিচার চাই। অনুকূল মোহন্তের ফাঁসি চাই।'হত্যার বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘অন্যায়ভাবে মনিকাকে মেরে ফেলা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি তার বিচার চাই।’দ্রুত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।