
নিউজ ডেস্কঃ মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। হঠাৎ লাগা এই আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। আর আগুনে ক্ষতিগ্রস্ত এজলাস পুনরায় ঠিক না হওয়া পর্যন্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে বিচার কাজ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।বন্ধ এজলাসের দরজা। বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে আদালতের ভেতরের আসবাবপত্র, শূন্য আদালত কক্ষ। আর বাইরে পুলিশের কড়া প্রহরা। মঙ্গলবার আগুনে ক্ষতিগ্রস্ত মহানগর দায়রা জজ আদালতের এমন চিত্রই ধরা পড়ে।অন্যদিনগুলোতে যেখানে বিচারপ্রার্থী, আইনজীবী আর আদালত কর্মচারীর ব্যস্ততায় মুখর থাকে আদালত কক্ষ, সোমবারের আগুনের পর সবার চোখে এক ধরনের উৎকণ্ঠা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিচারকাজ শুরু হওয়ার কথা থাকলেও এদিন ঘটেছে ব্যতয়।ঘটনাস্থল পরিদর্শনে এসে আদালতের পিপি গণমাধ্যমকে জানান, গত ৪০ বছরে আদালতে আগুন লাগার নজির নেই। আর তাই এ আগুনের পেছনে কারও হাত রয়েছে কিনা সে বিষয়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি।