
নিউজ ডেস্কঃ দেশের ৬১টি জেলার আরও ৪৮২টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ের ব্যবস্থা সফটওয়্যারের আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (দ্বিতীয় পর্যায়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে এখন থেকে আরও ৪৮২টি ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে অনলাইনে। সোমবার (১৬ নভেম্বর) ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (দ্বিতীয় পর্যায়) কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমিমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের ৬১টি জেলার ৪৮২টি উপজেলা/সার্কেল/মেট্রো থানা ভূমি অফিস থেকে একটি করে মোট ৪৮২টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের এক বা একাধিক মৌজা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং কার্যক্রমের আওতায় আনা হবে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে। দ্বিতীয় পর্যায়ের কাজ ডিসেম্বরে শুরু করার কথা থাকলেও দক্ষতা বাড়ানোর ফলে এক মাস আগেই শুরু করা হয়েছে।একইসঙ্গে সরকারি জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শিগগিরই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে।