
নিউজ ডেস্কঃ মাদারীপুরের ডাসারে মায়ের পরকীয়ার জের ধরে ছেলের হাতে খুন হয়েছে জাহিদ মীর ২০ বছরের এক তরুন প্রেমিক । এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা আজ সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। খুনের ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। জানা গেছে ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকিয়া চলে আসছে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে প্রবাসীর ছেলে ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত শনিবার দিবাগত রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়। এ সময় জাহিদকে প্রাবাসীর ছেলে বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে বসে প্রবাসীর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে।
এই সংবাদ জানাজানি হলে স্থানীয় লোকজন গুরুতর আহত জাহিদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুর খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের ৬টি ঘরে অগ্নিসংযোগ করে। এতে করে সমস্ত ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সোমবার সকালে থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।