
নিউজ ডেস্কঃ পুলিশের প্রতি মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে, মানুষের সঙ্গে কোনোমতেই খারাপ ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, তোমাদের ব্যবহারের ওপর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান। রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের উদ্দেশে বেনজীর আহমেদ এসব কথা বলেন।আইজিপি আরও বলেন, ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কনস্টেবল, এরপর এএসআই ও এসআইদের বড় একটি সংখ্যা রয়েছে। এই বড় অংশের সবাই ঠিক থাকলে বাহিনীও ঠিক থাকবে। পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, তুমি বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর বদৌলতে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। তোমরা যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে।তিনি বলেন, আমরা যা কিছু করি দেশের জন্য করি। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে আমরা রাষ্ট্র, সমাজ, ব্যবসা ও বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে পেরেছি বলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে আমাদের মাথাপিছু আয় ৫৪৬ ডলার থেকে ২০১৪ ডলারে উন্নীত হয়েছে।